শেষ হলো নারী উদ্যোক্তা সম্মেলন ‘কালারফুল ফেস্ট’
মহামারীকালে উপার্জন হারিয়ে কোণঠাসা হলেও দমে যাননি, নিজের তৈরি পণ্য ফেসবুকের মাধ্যমে বিক্রি করে বাজিমাত করেছেন দেশের একঝাঁক নারী উদ্যোক্তা। ঢাকার পূর্বাচলে শুক্রবার শতাধিক নারী উদ্যোক্তার পণ্য নিয়ে শুরু হওয়া নারী উদ্যোক্তানির্ভর সংগঠন উই (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) আয়োজিত ‘কালারফুল ফেস্ট ২০২১’
দুই দিনের মেলায় এমন অনেক সফলতার গল্প উঠে এসেছে। হাজারো সফলতার গল্প নিয়ে শনিবার শেষ হলো এ সম্মেলন।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আরো উপস্থিত ছিলেন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের উপদেষ্টা আরিফুল হাসান অপু।
পূর্বাচল ক্লাব প্রাঙ্গণে ‘উই কালার ফেস্ট’ নামে মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। ফেসবুক পেইজের ওপর ভর করে নিজেদের পণ্য দেশ-বিদেশে বিক্রি করে লাভের মুখ দেখেছেন তারা। মেলায় নারী উদ্যোক্তাদের ১০০টি স্টল ছিল।
সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, উই প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ, উই’র উপদেষ্টা কবির সাকিব, সিল্কক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
সম্মেলনের প্রথম দিন ''সাহসী গল্পে উই'' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্যোক্তারা তাদের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরো উপস্থিত ছিলেন, মাল্টি-সেক্টোরাল প্রোগ্র্যাম অন ভায়োলেন্স এগেইনস্ট ওম্যান এর সাবেক প্রজেক্ট ডিরেক্টর ড. আবুল হোসেন, উই প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ এবং উই এর এডভাইজার কবির সাকিব। দিনের শেষ ভাগে অনুষ্ঠিত হয় কালচারাল ইভেন্ট।
দ্বিতীয় দিনের শুরুটাই ছিল বিশ্ববাজারে দেশের ই-কমার্সকে নিয়ে যাওয়া নিয়ে সেমিনার। ''গন্তব্য বিশ্ববাজার,প্রস্তুতি ও পথ পরিকল্পনা'' নিয়ে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশ-বিদেশের বক্তারা উপস্থিত ছিলেন। দিনের দ্বিতীয় সেমিনারটি ছিল ‘মাই ড্রিম মাই আইডেন্টিটি’। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। দিনের শেষ সেমিনার ''নারীর উন্নয়নে ই-কমার্সের ভূমিকা'', সেমিনারের প্যানেলে ছিলেন বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।